লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না—এ যেন অসম্ভব। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ক এবার গড়লেন আরও একটি অনন্য কীর্তি।
জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর মাত্র কিছুক্ষণ পরই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার প্রথম ফুটবলার হলেন মেসি। এর আগে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহো (১৯৭০) টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন।
চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বয়স বাড়লেও মেসির জাদু যে ফুরায়নি, বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচেই যেন তার নতুন প্রমাণ মিলছে।

















