ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। আর বিশ্বকাপের মঞ্চে হলে উত্তেজনার পারদ ওঠে আরও কয়েক গুণ। দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
বিশ্বকাপের সমীকরণ বলছে, সবকিছু ঠিকঠাক এগোলে এবারের আসরের সেমিফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল। এরপর থেকে বিশ্বকাপের মূল পর্বে আর দেখা হয়নি তাদের।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে শুরুতে হোঁচট খেলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ফিরেছে ব্রাজিল। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে জাপান।
এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরোতে পারলে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।
বিশ্বকাপে সর্বশেষ ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে অনুষ্ঠিত ‘রাউন্ড অব সিক্সটিন’ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের নকআউট পর্বে এটাই দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই। এবার সেমিফাইনালে দেখা হলে প্রতিশোধ নিয়ে ফাইনালে যেতে চাইবে ব্রাজিল, আর আর্জেন্টিনা চাইবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে।


















