মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চর্চা বাড়াতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়াম (শেখ মনি স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-২ গোলে হারিয়ে জয় পায় আর্জেন্টিনা সমর্থক দল।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থক সাংবাদিকদের এই লড়াই দেখতে মাঠে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন। অন্যদিকে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন মো. শরিফুল ইসলাম মোল্লা।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপ দলের হাতে সম্মানসূচক কাপ তুলে দেন শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রেসক্লাব গোপালগঞ্জের নেতারা বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি আরও বাড়ায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে ছিল বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন।


















