মো. সোহাগ হোসেন, যশোর সংবাদদাতা :
সম্প্রতি বাংলাদেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ করে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যে কারণে বাজার নিয়ন্ত্রণ রাখতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৩ আগস্ট) রাতে প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে। পরে (৪ আগষ্ট) সকালে বন্দরের কার্যক্রম শেষে বাজারজাতকরণের লক্ষ্যে আমদানিকৃত কাঁচা মরিচ গুলো ঢাকায় পাঠানো হয়েছে।
আমদানিকৃত কাঁচামরিচ বন্দর থেকে খালাসে সহযোগিতা করেন শিমু এন্টার প্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, কাঁচামরিচ বাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সাথে সাথে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারত সীমান্তে আরও কয়েকটি কাঁচামরিচ বাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
মরিচ আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানি করতে তার খরচ প্রায় ১৩৫ টাকা। বাজারে কাঁচা মরিচের চাহিদা বেশি, যাবতীয় খরচ বাদ দিয়ে সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি আরও জানান, আমদানি বাড়লে বাজারে কাঁচা মরিচের দাম কমে আসবে। তবে কাস্টমসের হয়রানি ও পণ্য ছাড় করনে জটিলতায় রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ছেন এবং আমদানি খরচ বাড়ছে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে বেনাপোল বন্দর ও শার্শার আশপাশের বাজারে মঙ্গলবার প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ২৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের আশা করছেন আমদানি বাড়লে বাজারে কাঁচা মরিচের দাম কমে আসবে।


















