মো. সোহাগ হোসেনে, যশোর সংবাদদাতা :
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই ইউপি সদস্যসহ মোট ৪ জন মাদক কারবারিকে প্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।
দুইজন বর্তমাণ জনপ্রতিনিধি (ইউপি সদস্য) মাদকসহ বিজিবি অভিযানে প্রেপ্তার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কলারোয়া উপজেলায় কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য, নিজাম উদ্দীন (৩৮), একই উপজেলার কাদপুর এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল এবং মাদক চক্রের ওপর বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার ছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি চৌকস টিম শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই ৪ জনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















