মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে।
গতকাল (৫ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ এই চ্যাম্পিয়ন শীপের শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার সংস্কৃতি নিয়ে চলমান, এখানে আমরা আমাদের পঠন-পাঠনের সাথে সংস্কৃতির যোগ সাধন অপরিহার্য বলে গণ্য করি।
তিনি আরো বলেন, আমাদের এই ক্রীড়াঙ্গন সকলকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত এবং আনন্দ প্রবণ করে তুলেছে, সেই সাথে আমাদের কাজকর্মের স্পৃহাকে বৃদ্ধি করেছে। সংস্কৃতির সঙ্গে ক্রীড়াঙ্গনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ক্রীড়াচর্চার মাধ্যমে নিজেদের মধ্যে ভাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করবে।
নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ডে এবং ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে সংশ্লিষ্ট রাখতে পারলে তারা সুস্থ জীবনধারার সন্ধান পাবে, তখন তারা সহজেই নেতিবাচকতা থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হবে। উপাচার্য ভাষা আন্দোলনের অমর স্মৃতিবাহী ফেব্রুয়ারি মাসে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহিদদদের।
একইসাথে শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ই আগস্টে প্রাণদানকারী শহিদদের। মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীকালের সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন সেসকল শহিদদের তিনি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দু।


















