ছায়ানীড়ের আয়োজনে টাঙ্গাইলে তিনটি নতুন গ্রন্থের প্রকাশনা, লেখক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক সম্পাদিত ‘শতাব্দীর কণ্ঠস্বর মাওলানা ভাসানী’, রোকেয়া বেগম রুকু রচিত ‘বাবুমশাই হেরিটেজ’ এবং সুবর্ণা রায়ের ‘হিয়া কথন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় টাঙ্গাইল শহরের সাধারণ গ্রন্থাগারে ছায়ানীড়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু এবং স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী মো. হুমায়ুন কবির সরকার।
সংবর্ধিত লেখক ছিলেন প্রফেসর ড. মো. আহসান হাবীব তারেক, রোকেয়া বেগম রুকু এবং সুবর্ণা রায়। ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে রচিত এই গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু টাঙ্গাইলের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয়। টাঙ্গাইলের মাটি থেকেই তিনি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ‘গুডবাই’ জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, মাওলানা ভাসানী আজীবন নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। জমিদার ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। এরপর অতিথিদের আসন গ্রহণ, স্বাগত বক্তব্য, তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন, লেখকদের অনুভূতি প্রকাশ, স্মারক সম্মাননা প্রদান, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য এবং সভাপতির সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।


















