ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬ অনুষ্ঠান শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি ও পুষ্টিবিদ ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি, সংগঠক ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সংগঠক মো. আমির হোসেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ এবং কবি ও গবেষক বেলায়েত হোসেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্য সংগঠক, কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন কবিকে সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া লিটারেচার সাহিত্য সম্মাননা, মানবিক ব্যক্তিত্ব সম্মাননা, সব্যসাচী লেখক সম্মাননা ও সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
এ সময় নতুন প্রকাশিত দুটি গ্রন্থ— জীবন নদীর বাঁকে এবং আগুনের শহর—এর মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাকে গতিশীল ও সুসংগঠিত করতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে সাহিত্যচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সংগঠনটি প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মো. আমিনুল ইসলাম এবং সমন্বয়ক নাসরীন আক্তার নীলা।


















