মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র পাড়ে অষ্টমীর স্নান উৎসব পালন করতে এসে রশিক চাদ ঠাকুর
(৬৫) নামের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে। নিহত ওই পুরোহিত রশিক চাদ ঠাকুর
লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, সোমবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পুণ্যার্থী হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার জানান, সোমবার রাত ১০টার দিকে মৃত অবস্থায় এক পুরোহিতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন।

















