মোঃ মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে দুর্ঘটনা কবলিত খোয়া বোঝাই নসিমনের নিচে চাপা পড়ে মারুফ হোসেন (১৪) নামের এক কিশোরের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশু সহ ৪ জন আহত হয়েছে।
নিহত মারুফ শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লার মাহমুদের ছেলে। সে স্থানীয় একটি মাছের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতো।
জানা যায়, মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের রাজমান থেকে খোয়া নিয়ে শাহজাদপুর উপজেলার চর নরিনা যাওয়ার পথে নরিনা ইউনিয়নের জয়রামপুরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- নসিমন চালক মনসুর, তার ভাগিনা গোতা (১০), নসিমনের হেলপার মোবারক ও তার মামাতো ভাই সাহস (১৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পৌর শহরের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনায় আহত হেলপার মোবারক হোসেন জানায়, আমরা গারাদহ মাঠ পাড়ার আতিকুল ইসলামের নসিমনে রাজমান থেকে খোয়া বোঝাই করে শাহজাদপুর পৌর শহর হয়ে চর নরিনা যাওয়ার পথে থানার ঘাট এলাকা থেকে আমার বন্ধু মারুফ উঠে পড়ে।
সাতবাড়িয়া হয়ে চর নরিনা যাওয়ার পথে একটি ভ্যানকে অতিক্রম করার সময় আমাদের নসিমন সড়ক থেকে নিচের পড়ে যায়। এসময় মারুফ ও চালক মনসুর নসিমনের পাল্লার নিচে চাপা পড়ে। স্থানীয়দের সহায়তায় মারুফকে উদ্ধার করে ভ্যানে উঠানোর সময়ই তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল বাশার দুর্ঘটনায় ১জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক এখলাছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















