মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
যশোরের শার্শায় বিয়ের প্রলোভনে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোহান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে সোহান হোসেনকে আটক করা হয়।
আটক সোহান হোসেন শার্শা উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার সোহান হোসেন ঐ স্কুল ছাত্রীকে বিয়ে করবে বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার নানার বাড়ি নিয়ে যায়। রাতে তরুণীর সাথে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে সোহান তার মামাতো বোনকে দিয়ে ঐ ছাত্রীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তরুণীকে পুলিশ হেফাজত নিয়ে শারিরীক পরীক্ষার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠায়।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান জানান, আটক আসামিকে সোমবার সকালে আদালতের সোপর্দ করা হয়েছে।


















