মাহিউর রহমান, সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় একাধিক ডাকাতিতে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল, প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং গাড়ির ভেতর রক্ষিত অবস্থায় থাকা একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, রাজধানীর ডিএমপিসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোনাখালী গাজীবাড়ী এলাকার মরহুম আনছার আলী গাজীর ছেলে মো: সুমন গাজী ওরফে সজল ওরফে পটকা সুমন (৩৬), খুলনা জেলার রূপসা থানার পালবাড়ী আলাইপুর এলাকার মরহুম আকবর আলী শেখের ছেলে মো: আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২), যশোর জেলার মনিরামপুর থানার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে মো: রাজু ওরফে মুরাদ (৩৮), খুলনা সদর থানাধীন খুলনা শিপইয়ার্ড এলাকার মরহুম মোশারফ খানের ছেলে মনিরুল ইসলাম খান ওরফে মনির (৩৫), খুলনা জেলার বটিয়াঘাটা থানার রামভদ্রপুর গ্রামের মরহুম আলমগীর শেখের ছেলে আইনুল হক (৩২) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার উত্তর চেশ্রীরামপুর এলাকার ইউনুছ আলীর ছেলে ইয়াসিন আলী (২৯)।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়া থানার এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে কয়েকটি ডাকাতি হয়েছে। পরে এ সকল ঘটনায় থানা পৃথক পৃথক মামলা করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন অফিসারদের দিক-নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাগুলোর রহস্য উদঘাটনে কাজ শুরু করে। সেই ধারাবাহিকতায় রোববার দিনব্যাপী ডিএমপিসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত ছয় ডাকাতকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ডাকিতির বিষয়টি স্বীকার করেছে। আসামিদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সকল আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


















