মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে বিবাহবিচ্ছেদের পরের দিন সুমি আক্তার (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা আশ্রয়কেন্দ্রে। সুমি আকতার ইউনিয়নের দক্ষিণ নওয়াবস গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, গত সোমবার সুমির বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি ধরলা আশ্রয়ণ প্রকল্পে নানাবাড়িতে এসেছিলেন।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বাতেন সরকার তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমি আত্মহত্যা করেছে বলে তাঁর পরিবারের লোকজনের ধারণা।
সুমির নানি খরকি বেগম বলেন, চার মাস আগে কুড়িগ্রাম সদরের হাসপাতাল পাড়ার সাগর নামের একজনের সঙ্গে সুমির বিয়ে হয়। গত সোমবার তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তাঁর নাতনি তাঁদের বাড়িতে আসেন। গতকাল সন্ধ্যায় সুমি টয়লেটে যাওয়ার দীর্ঘ সময় পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















