মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা বিভাগের পুরুষ দল ‘অর্জুন’ ও ব্যবস্থাপনা বিভাগের নারী দল ‘রেড এলার্ট’ এবং রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগের নারী ও পুরুষ দল।
(১২ ফেব্রুয়ারী) সোমবার বিকালে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর উন্মুক্ত প্রাঙ্গণে এই চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এসময় বিজয়ী দল, রানার্সআপ দলসহ অন্যান্য দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া আয়োজক কমিটির আয়োজনে চারদিনব্যাপী চলা এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করে।
উপাচার্য চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করায় বাংলা বিভাগের ‘অর্জুন’ ও ব্যবস্থাপনা বিভাগের ‘রেড এলার্ট’ টিমকে অভিনন্দন জানান। একই সঙ্গে রানার্সআপসহ অন্যান্য দলের খেলোয়াড়রা আগামীতে ভালো করবেন মর্মে শুভ কামনা জানান।
তিনি বলেন, তোমরা প্রত্যেকেই ভালো করেছো, আগামীতে আরো ভালো করবে। এমন সুন্দর আয়োজন করায় উপাচার্য মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আয়োজন কমিটির আহ্বায়ক জনাব বিজন কুমারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


















