মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম, সংবাদদাতা
কুড়িগ্রামের ধরলা পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকাল ৯টায় মুনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, মুসল্লি, সাংবাদিক, ব্যবসায়ী, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার সকালে লাখো মুসল্লিদের অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমা ময়দানে বয়ানের মাধ্যমে উদ্বোধন করেন চরমোনাই পীর।
উলিপুর উপজেলা হতে আসা মুসল্লি মিয়া আ: জব্বার বলেন, আমি গত তিন দিন ধরে ইজতেমায় আছি। কোরআন ও হাদিস থেকে অনেক মূল্যবান বয়ান শুনলাম। আলহামদুলিল্লাহ লাখো মুসল্লির সমাগম হয়েছে। আজ আখেরি মোনাজাতের পর ইজতেমা শেষ হলো।
ইজতেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, তিনদিনব্যাপী ইজতেমায় বয়ান পেশ করেন, মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মাওলানা ইউনুছ আহমাদ, পীর সাহেব খুলনা, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা রেজাউল করীম, মোসলেহ উদ্দীন আজাদী, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদস্য জয়নুল আবেদীন প্রমুখ।


















