বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবি বহাল রেখে নতুন করে আরও দুটি দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানার সাইন্সল্যাব মোড়ে ‘এইচএসসি ২৬ ব্যাচ’-এর সাধারণ পরীক্ষার্থীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দাবিগুলো উপস্থাপন করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রায়াত আহমেদ।
শিক্ষার্থীদের নতুন দুই দাবি হলো— সিকিউ (CQ) ও এমসিকিউ (MCQ) অংশে আলাদাভাবে পাসের পরিবর্তে দুই অংশের নম্বর একত্রে বিবেচনা করে পাসের ব্যবস্থা করতে হবে। এছাড়া অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প বা বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে রায়াত আহমেদ বলেন, বর্তমান শিক্ষামন্ত্রীর একরোখা সিদ্ধান্তের কারণে পুরো একটি ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষা ব্যবস্থায় যেকোনো পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত। একটি নির্দিষ্ট ব্যাচকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রশ্নপদ্ধতির কারণে সৃষ্ট মানসিক চাপে একজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনার দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে রায়াত আহমেদ বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। শিক্ষার্থীরা শুধু তাদের ন্যায্য অধিকার এবং শিক্ষা-সংক্রান্ত ভোগান্তির সমাধান চান। এছাড়া ‘বয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, টানা বৃষ্টি এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের রাজপথের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
পরবর্তী কর্মসূচি ও আপডেট ‘স্টুডেন্ট অফ বাংলাদেশ’, ‘কলেজ নেটওয়ার্ক’ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ধানমন্ডি আইডিয়াল কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


















