দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং একজন শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ মে সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে।
সব মিলিয়ে গত ৭১ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৭ শিশুর।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে সর্বোচ্চ ৭ জনই ঢাকা বিভাগের। এছাড়া সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে দেশে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৭ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪২৭ জন ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২০৮ জন, বরিশালে ১২৮ জন এবং খুলনায় ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আশার খবর হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ৪০৫ জন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭১ দিনে দেশে মোট হাম ও হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৯৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৮ হাজার ৭১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন।


















