সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন।
তার ভাষ্য, রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে ড. ইউনূস একটি “প্রোটেকশন” খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, “ড. ইউনূসকে যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।”
রনি আরও বলেন, মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস “পঁচে-গলে গেছেন”। তার দাবি, রাজনীতিতে জড়িয়ে পড়ে ড. ইউনূস অপমান, অবদমন ও নিগ্রহের শিকার হয়েছেন।
ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস থাকেন, তাহলে তিনি এখন খরচের খাতায় পড়ে গেছেন।”
ড. ইউনূসের যুক্তরাষ্ট্র বা ইউরোপে আগের মতো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, “আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ড. ইউনূসের। আর বাংলাদেশে মানুষ তাকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে ও মবের ভয় দেখাচ্ছে, সেক্ষেত্রে তার নিরাপত্তা প্রয়োজন। আর সেই নিরাপত্তা হতে পারে রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ, বঙ্গভবনের মতো আবাসন এবং বিএনপির মতো বড় দলের রাজনৈতিক ছায়া।”

















