নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়।”
সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরএফইডির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিইসি বলেন, “অনেকের কাছে উনার বক্তব্য নতুন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমি সামান্যতম মনঃক্ষুণ্ণ নই। শুধু প্রশংসা করলে তো সঠিক মূল্যায়ন হয় না। উনি নিজের দৃষ্টিভঙ্গি থেকে যা বিশ্বাস করেছেন, সেটাই বলেছেন। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য—উনাকে এই কথা বলার সুযোগ দেওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য আমি একদম আহত নই।”
তিনি আরও বলেন, “অতীতে শুধু এক পক্ষের প্রশংসা করতে করতে সব বরবাদ করে দেওয়া হয়েছে। সেই একপেশে প্রশংসার ফল হিসেবেই দেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সুতরাং, মুদ্রার দুই দিকই দেখতে হবে।”
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন, “সরকার ছাড়া নির্বাচন করা প্রায় অসম্ভব। তবে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাঁর উপদেষ্টা পরিষদকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন—‘নির্বাচন কমিশনের বিষয়ে নাক গলাবেন না।’ তারা আমাদের পূর্ণ সহযোগিতা দিয়েছেন।”


















