স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসে পৌঁছেছে।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নিজে উপস্থিত থেকে এই টিকার চালান গ্রহণ করেন।
একই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা দেশে এসেছে বলে জানান মন্ত্রী। এসব টিকার মধ্যে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড ভ্যাকসিনও।
মন্ত্রী বলেন, সম্প্রতি হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির স্টক জরুরি ক্যাম্পেইনে ব্যবহার হওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছিল, যা এই চালানের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি আরও জানান, গত ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। আগামী ১০ মে’র মধ্যে আরও ১ কোটি ৮ লাখ ডোজ ১০ ধরনের ভ্যাকসিন দেশে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন আশ্বাস দেন, ভবিষ্যতে আর কোনো টিকার সংকট তৈরি হবে না এবং নিয়মিত টিকাদান কার্যক্রম আরও শক্তিশালীভাবে চলবে।


















