মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী এক নারী মারা যায়। পরে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক শিশু মারা যায়।
বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মিতু সূত্রধর (৩০) নামে এক নারী নিহত হয়। এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইচ্ছামনি (৭) মারা যায়। নিহত নারী ও শিুশু সম্পর্কে মা ও মেয়ে। নিহতদের বাড়ি উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবাড়ি থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৭ বছরের এক শিশু মারা যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৫ জন আহত হয়েছে।


















