ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই দেশে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদ পুরো দেশকে ফোকলা করে দিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান হবে। দেশের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট করছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, দ্রুত এর সমাধান হবে।’
বিএনপি জনগণের জন্য কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১০ বছর দেশের জ্বালানি ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা আগামী সংসদ অধিবেশনে তুলে ধরা হবে।
যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সংসদে এসে নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, ‘যেসব রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বলব সংসদে পরিকল্পনা দেন। রাস্তায় বিশৃঙ্খলা করার দিন শেষ।’
সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা করা খুব সহজ। মুরোদ থাকলে মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে হবে। যারা বড় বড় কথা বলছেন, তাদের গত ১৭ বছর রাজপথে খুঁজে পাওয়া যায়নি।
রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে ভুল করেছেন, ১৯৯৬ সালেও ভুল করেছেন, ২০২৬ সালেও বিভ্রান্ত করছেন।’


















