বিএনপির নেতাকর্মীদের সুপারিশে টাঙ্গাইলের ৫ নম্বর ছিলিমপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার এক আসামির ছেলেকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার এক আসামির ছেলেকে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগের তালিকায় রাখা হয়েছে।
বিএনপির কয়েকজন নেতার সুপারিশ ও গ্রুপিংয়ের মাধ্যমে তাকে তালিকাভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ফ্যামিলি কার্ড প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে দলীয় পরিচয় বিবেচনা না করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু নিয়োগের ক্ষেত্রে সেই নীতির ব্যত্যয় ঘটেছে বলে অভিযোগ তাদের।
এ নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—বৈষম্যবিরোধী আন্দোলন ও আওয়ামী লীগবিরোধী অবস্থানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা পরিবারের সদস্যরা যদি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পে নিয়োগ পান, তাহলে প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে কতটা স্বচ্ছতার সঙ্গে পৌঁছাবে?
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিষয়টি তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ ও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


















