ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কিসামত প্রযুক্তি গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গ্রামের প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় কিসামত প্রযুক্তি গ্রামের কৃষকদের বৃক্ষরোপণ এবং গাছের নিয়মিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের এসএসও প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ শুধু ছায়া ও ফলই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।
বক্তারা জানান, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মাঠপর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















