জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে সরকারি উদ্যোগে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে নেওয়ার উদ্যোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ জাদুঘরটি দেখতে আসায় ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই গুছিয়ে আনা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জাদুঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


















