মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, (উল্লাপাড়া) সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ জানায়, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া মোড়ে মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০৪ বোতল স্ক্যাফসহ মোছা. রাশেদা টুলু (৬৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত মোকছেদ প্রামাণিক এবং স্বামী মৃত আয়নাল হক।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদা টুলু দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা করা হয়েছে।


















