মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জেরে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সাকিব আল হাসানের বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা পেট্রোল দিয়ে বাড়ির স্টিলের গেটে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিকেটার সাকিব আল হাসান। জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে।


















