বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু), ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
প্রতিমন্ত্রী টুকু বলেন, “জুলাই কারও একার নয়, জুলাই বাংলাদেশের সব মানুষের। অকারণে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তার সুবিধা পাবে স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদের অনুসারীরা। তারা আমাদের মধ্যে বিভক্তি দেখতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, বিএনপি সব সময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। পাশাপাশি টাঙ্গাইলের সংসদ সদস্য হিসেবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে জেলার ১২ উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।


















