চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে বুধবার (২৯ জুলাই) বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ডেভিড ইমন ও তার কয়েকজন সহযোগীকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের বেশভূষা ও গোঁফ পরিবর্তন করেছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে তাকে প্রিজন ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে নেওয়া হয়। ভ্যানে ওঠার সময় নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমার অনেক কিছু বলার আছে।” তবে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের বাধায় তিনি আর কোনো বক্তব্য দিতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ায় জোড়া হত্যা, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজিসহ ১১টির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।
প্রেস ব্রিফিং ও আইনি প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি প্রহরায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

















