সাইফুর রহমান নিশাদ, মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা :
নরসিংদীর মনোহরদীতে পৃথক অভিযানে রাজীব দাসসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মনোহরদী থানা পুলিশ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কথিত হিন্দুপাড়া এলাকার বাসিন্দা রাজীব দাস (৪০)কে গ্রেপ্তার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজীব মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই দিন পৃথক আরেকটি অভিযানে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান উপজেলার উত্তর বগাদী গ্রামের মৃত হান্নান খন্দকারের ছেলে আল মামুন খন্দকার (৪৪) এবং বালিপুরা গ্রামের দুলাল মিয়ার ছেলে কাউসার মিয়া (৩৫)কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আল মামুন ও কাউসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
















