একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান।
পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। সেতুতে কিছুক্ষণ কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে তীর থেকে পুরো ঘটনাটি দেখেন। পরে তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে।


















