নিজস্ব সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয়টি থেকে ট্যালেন্টপুলে ৭ জন এবং সাধারণ গ্রেডে ১ জনসহ মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মাধ্যমে রাজনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবছরের ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এবারও এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা বলেন, “এই অর্জনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই সাফল্য এসেছে। আমি যতদিন এ বিদ্যালয়ে দায়িত্ব পালন করব, ততদিন শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে বিদ্যালয়টি আরও বড় সাফল্য অর্জন করবে।”
প্রধান শিক্ষক রজব আলী রানার নেতৃত্বে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তিনি ২০২৩ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
এছাড়া রাজনগর উপজেলার গুণী শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন এবং সাতবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। একই বছর আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেট বিভাগ থেকেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পান।
শুধু প্রধান শিক্ষকই নন, তাঁর নেতৃত্বে ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ছয়বার রাজনগর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। শিক্ষার গুণগত মান, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিদ্যালয়টির ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
স্থানীয় সচেতন মহলের মতে, দক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ শিক্ষক, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের সমন্বয়েই ভেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজনগর উপজেলার অন্যতম সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবারের বৃত্তি পরীক্ষার ফলাফল সেই সাফল্যেরই আরেকটি উজ্জ্বল উদাহরণ।


















