উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এবং গেজেটভুক্ত জুলাই যোদ্ধা রিয়াজুল রিজুর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শেকড় কালচারাল ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক সৈয়দ শাকিল বলেন, রিয়াজুল রিজু শুধু একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতাই নন, তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে রাষ্ট্রের গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তাঁর বিরুদ্ধে গৃহীত বহিষ্কারের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশে রিয়াজুল রিজুর অবদান অনস্বীকার্য। তাঁর নির্মাণশৈলী, চলচ্চিত্র ভাবনা এবং নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রাণিত করার ভূমিকা দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে তাঁর আত্মত্যাগও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
শেকড় কালচারাল ফাউন্ডেশন মনে করে, শিল্প-সংস্কৃতির পরিসরে মতপার্থক্য বা সাংগঠনিক বিরোধের সমাধান হওয়া উচিত সংলাপ, ন্যায়বিচার এবং গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে। কোনো ব্যক্তির দীর্ঘদিনের সৃজনশীল অবদান, সাংস্কৃতিক নেতৃত্ব ও জাতীয় স্বীকৃতিকে বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
সংগঠনটি দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে দ্রুত তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে শিল্প-সংস্কৃতির অগ্রযাত্রা, সৃজনশীল পরিবেশ ও সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


















