বিশ্বকাপে মিসরের স্মরণীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশটির প্রধান কোচ হোসাম হাসান-এর চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।
বুধবার এক বিবৃতিতে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হ্যানি আবু রিদা জানান, পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসান-এর চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে।
৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের জাতীয় দলের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠে। তিনি সম্প্রতি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন।
চলমান বিশ্বকাপে হোসামের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ে মিসর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি। পরে বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে মিসর। ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হলেও এর আগে কখনো শেষ ষোলোয় পৌঁছাতে পারেনি উত্তর আফ্রিকার দেশটি।
শেষ ষোলোর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও কঠিন লড়াইয়ে ফেলে মিসর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় মোহাম্মদ সালাহদের দল।
তবে পুরো আসরে মিসরের লড়াকু পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই হোসাম হাসানের ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।
কোচিংয়ে আসার আগে হোসাম হাসান ছিলেন মিসরের ফুটবলের অন্যতম কিংবদন্তি। জাতীয় দলের হয়ে ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে তিনি এখনও দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন।
















