নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে তিন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালককে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ। একই সঙ্গে অবিলম্বে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক প্রযোজক-পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এবং যুগ্ম মহাসচিব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে অগঠনতান্ত্রিক, শিষ্টাচারবহির্ভূত ও অবৈধভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি ন্যায়বিচারের স্বার্থে আদালতের আশ্রয় নিলে সেটি তাঁর সাংবিধানিক অধিকার। পরিচালক সমিতির নির্বাচনসংক্রান্ত মামলা বর্তমানে আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও বিষয়টির নিরপেক্ষ মূল্যায়ন ছাড়াই আবেগপ্রসূত ও অগঠনতান্ত্রিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
নেতৃবৃন্দ আরও দাবি করেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের নেতাদের লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, ফ্যাসিবাদী দোসরদের প্ররোচনায় এই ‘ন্যাক্কারজনক ও অবৈধ’ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
বিবৃতিতে সংগঠনটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতি আহ্বান জানিয়ে বলেছে, প্ররোচনা ও আবেগের বশবর্তী না হয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংগঠনের মর্যাদা, ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে তিন পরিচালকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উচিত। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব এবিএম সোহেল রশিদ।

















