চীনের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং তিস্তা মহাপরিকল্পনায় বেইজিংয়ের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”
তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিকভাবে সম্মত একটি রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্প নিয়ে আমাদের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের সময় সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রাখা হবে।”
উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
এদিকে, ভারত বিষয়টিকে নিজেদের কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দেখলেও চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।
সূত্র: এএনআই।


















