ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।
প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যবহার করা হবে।
অনুদানের বিষয়ে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা শক্তি ও স্বস্তি এনে দেবে।”
এর আগে CNN-এর প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত, ৩ হাজার ২৩৮ জন আহত এবং ৩ হাজার ১৪২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি।
কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি আগের তুলনায় বেশি সময় মাঠে খেলতে প্রস্তুত।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।


















