ব্রাজিল ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে ২৪ বছর পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন এই ফরোয়ার্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
সবশেষ ২০০২ বিশ্বকাপে এমন কীর্তি দেখা গিয়েছিল। সেবার ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেছিলেন রোনালদো নাজারিও ও রিভালদো। এর আগে ১৯৭০ সালে জাইরজিনহো এবং ১৯৯৪ সালে রোমারিও এই তালিকায় ছিলেন।
অবিশ্বাস্য বিষয় হলো, যেসব বিশ্বকাপে ব্রাজিলের কোনো খেলোয়াড় গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন, প্রতিবারই শিরোপা জিতেছে সেলেসাওরা। তাই ভিনিসিয়ুসের এই কীর্তিতে নতুন করে জেগে উঠেছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) জয়ের স্বপ্ন।

















