স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুরে আদালতে হাজির হয়ে কাঠগড়ায় দাঁড়ান জাহের আলভী। তার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ আইনজীবীরা জামিনের আবেদন করেন। অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
জামিন আবেদনে আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ের কারণে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসা থেকে তাকে হয়রানি করতে মামলাটি করা হয়েছে। এজাহারেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি করেন তার আইনজীবীরা।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। গত ১ মার্চ মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়।


















