২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে মোট ১৬ হাজার ৫১৩ জন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা প্রদান অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে।


















