দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আসছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল চালু হবে বলে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঘোষণা দেওয়া হচ্ছে। অতিরিক্ত ব্যয় মেটানো হবে অপ্রত্যাশিত ব্যয় খাত ও থোক বরাদ্দ থেকে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেল কার্যকরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা খাতে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটিতে দাঁড়িয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা অতিরিক্ত বরাদ্দ না থাকলেও অপ্রত্যাশিত ব্যয় খাত ও থোক বরাদ্দ থেকে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া হবে। ফলে অর্থ সংকটের আশঙ্কা নেই বলে তারা মনে করছেন।
তবে পে কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বেতন বৃদ্ধির হার কিছুটা সমন্বয় করে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।


















