জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৪ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।”
এদিকে ড. খলিলুর রহমানের এ বিজয়ে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ।
মঙ্গলবার নিউইয়র্ক-এ অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্দ্রেয়াস এস. কাকোরিস।
সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটে দেওয়া ভোটে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট এবং কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী।
এই বিজয়ের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।


















