রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট ঈদের আগেই দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, মামলার ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষার রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দাখিল করা হবে। এরপর ঈদের পর মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সব ধরনের বৈজ্ঞানিক প্রমাণ নিশ্চিত করেই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।” একই সঙ্গে রামিসা হত্যা মামলার বিচার এমনভাবে সম্পন্ন করা হবে, যাতে জনমনে কোনো প্রশ্ন না ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য হাইকোর্টে গেলে পেপার বুক তৈরিতে দীর্ঘ সময় লাগে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ প্রক্রিয়া দ্রুততর করতে সরকার কাজ করছে। পাশাপাশি নেত্রকোনার আলোচিত মেঘলা হত্যার ঘটনাও সরকার পর্যবেক্ষণে রেখেছে বলে জানান তিনি।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর প্রথমে প্রধান আসামি স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে পুলিশ গ্রেফতার করে প্রধান আসামি সোহেল রানাকে। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
নৃশংস এ ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। রামিসার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন মহলে প্রতিবাদ অব্যাহত রয়েছে।


















