দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং ১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। নিহতদের মধ্যে ২৮৫ শিশু হামের উপসর্গে এবং ৫৮ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেট বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ শিশু এবং নতুন করে হাম শনাক্ত হয়েছে ২৮২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে ৪৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯১৪ জন।


















