টাঙ্গাইলে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জেলায় এটি হবে তার প্রথম আগমন।
এর আগে গত ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে এক জনসভায় অংশ নিয়েছিলেন। এবার তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলে পৌঁছে তিনি প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে তিনি কৃষক সমাবেশে বক্তব্য দেবেন এবং পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, দলের ৩১ দফার অন্যতম একটি হচ্ছে কৃষকদের উন্নয়ন। সেই লক্ষ্যেই কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, সমন্বয় সভাসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সব ভেন্যুতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।
তিনি আরও বলেন, পয়লা বৈশাখের মতো উৎসবমুখর দিনে এই কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য গর্বের বিষয়। এ উপলক্ষে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।


















