মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা বীর শহীদদের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















