গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ কয়েকটি সংগঠন। এদিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় একাধিক কর্মসূচি পালন করা হয়।
ভারত–বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ চেকপোস্ট পেট্রাপোলে বুধবার প্রতীকী বিক্ষোভ করে বিজেপি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পরই বিজেপি সমর্থকরা পেট্রাপোলে জড়ো হন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার অভিযোগ তুলে স্লোগান দেন। একইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিজেপির স্থানীয় নেতাকর্মীরাই অংশ নেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত থেকে কিছুটা দূরেই বিক্ষোভকারীদের আটকে দেয়।
এদিকে কলকাতার সংলগ্ন হাওড়াতেও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। হাওড়া ব্রিজ এলাকায় আগে থেকেই পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছিল। বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিজেপি কর্মীরা হাওড়া ব্রিজ অবরোধ করেন। তারাও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে স্লোগান দেন।
অন্যদিকে ত্রিপুরা থেকেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।


















