ইয়াহিয়া খান, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক নুরনবী হোসাইন রাব্বি (২১) এনায়েতপুর গ্রামের আমির হামজা বাবুর ছেলে।
গত শনিবার (২০ এপ্রিল) রাতে গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় তাকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ ও নির্যাতিত কলেজছাত্রীর মামা শফিকুল ইসলাম জানান, জেলার শাহজাদপুর থানার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের বাসিন্দা ও ঠুটিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী নাফিজা খাতুন (১৭) গত ২রা এপ্রিল তার অসুস্থ চাচিকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দেখতে চাচা গোলজার হোসেনের সঙ্গে যান।
তখন ওয়ার্ড বয় রাব্বির সঙ্গে যোগাযোগ ও মোবাইল নম্বর দেয়া নেয়া হয়। এরপর সে নাফিজাকে নানা প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। হঠাৎ গত ৭ই এপ্রিল বেলা ১২টার দিকে রাব্বি নাফিজাকে কৌশলে ডেকে এনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ইউরিন বুথের টয়লেটে নিয়ে যায়। তখন মুখ চেপে ধরে জোরপূর্বক নাফিজাকে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রাব্বি পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত মেয়েটির মামা শফিকুল ইসলাম বাদী হয়ে এনায়েতপুর থানায় রাব্বিকে আসামি করে মামলা করলে তৎক্ষণাৎ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পাওয়া মাত্রই আমরা ধর্ষককে আটক করি। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


















