মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে নামে। এসময় সাথে আরও দুই বন্ধু ছিল। টিকটকের ভিডিও ধারণের সময় সোহাগ পানিতে নেমে গোসল করতে ছিল।
গোসলের এক পর্যায়ে বন্ধুরা তীরে চলে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীর পাড়ে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা চেষ্টার পর তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















