শার্শা (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শা থানা পুলিশের পৃথক ২টি অভিযানে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আয়না মতি নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ানের হরিনাপোতা (পূর্বপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক নারী মাদক কারবারি আয়না মতি (৪০) হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষ্মণপুর ইউনিয়ানে অভিযান পরিচালনা করে আয়না মতি নামে একজন নারীকে আটক করা হয়। এ সময় তার বসত বাড়ির পাশে গোয়াল ঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামি মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকির মধ্য কালো ব্যারেলে রাখা অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মুনসুর হোসেনসহ তার এক সহযোগীসহ দুজনে কৌশলে পালিয়ে যায়।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান জানান, জব্দকৃত গাঁজা ও আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবং অন্য পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।


















